কেরাণীগঞ্জে রাস্তার পাশে যুবকের লাশ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে শুভাড্ডা শ্মশান ঘাট এলাকায় লাশটি পাওয়া যায় বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে রাস্তার পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আনুমানিক (৩০) বছর বয়সী ওই যুবকের পরনে জিন্সপ্যান্ট ও চেক ফুলহাতা শার্ট ছিল বলে জানান তিনি।
“লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
তবে দুবৃর্ত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
