২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী মুজাহিদ, সাকার রিভিউ আবেদন

যুদ্ধাপরাধ মামলায় আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন ফাঁসির আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 12:07 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

রিভিউ আবেদন করার জন্য নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার এক দিন আগে বুধবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মুজাহিদের আবেদনটি জমা দেন তার আইনজীবী শিশির মনির।

৩৮ পৃষ্ঠার মূল ‘রিভিউ’ আবেদনে রায় পুনর্বিবেচনার পক্ষে ৩২টি যুক্তি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

এরপর দুপুরের দিকে সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর রিভিউ আবেদনটি জমা দেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী।

তিনি জানান, ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে মূল দশটি যুক্তি তুলে ধরে ফাঁসির রায় পর্যালোচনা করে খালাস দেওয়ার আর্জি জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, রিভিউ নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর করা যাবে না। আর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যে বলেছেন, আইন অনুযায়ী যেভাবে অগ্রসর হওয়ার কথা, তারা সেভাবেই অগ্রসর হবেন।

Image
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

শুনানি কবে, ‘জানা যাবে’ মঙ্গলবার

মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ নিষ্পত্তির জন্য শুনানির তারিখ চেয়ে ‘দুই-এক দিনের মধ্যে’ রাষ্ট্রপক্ষ আবেদন করবে বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

বুধবার দুপুরে নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “চেম্বার বিচারপতি আগামী মঙ্গলবার বসবেন। আশা করি, খুব সম্ভবত সেদিন (তারিখের বিষয়ে) আদেশ দেবেন। আমরা আগামীকাল বা পরশুর ভেতরে্ শুনানির তারিখ নির্ধারণ করার জন্য দরখাস্ত দাখিল করে দেব।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রিভিউ আবেদন করার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক ব্রিফিংয়ে বলেন, “রিভিউ শুনানি কবে হবে তা সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করছে। নভেম্বরে আদালত খুলবে এবং আদালত খোলার পরে একটি তারিখ নির্ধারণ করা হবে। আমরা আশা করি,..আমরা সময় পাব।”

দুই পক্ষের যুক্তি

সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, “ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে থাকেন নাই। ওই সময় তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ওইখানে উনি ছিলেন।

“তিনি বাংলাদেশে ছিলেন না- এটিই মূল বক্তব্য। তিনি যে ছিলেন না- সে ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ আমরা এফিডেভিট আকারে দিয়েছি, কিন্তু সেগুলো টেকনিক্যাল কারণে সাক্ষ্য হিসেবে নেওয়া হয়নি।”

মুজাহিদের রিভিউ প্রসঙ্গে তিনি বলেন, “এতদিন বেশিরভাগ মামলায় দেখেছি, আসামি ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে, উপস্থিত ছিল। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্যের দোষে দোষী। মুজাহিদ প্রত্যক্ষভাবে কোনো হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বা ধর্ষণ, অপহরণে জড়িত ছিলেন- এরকম কোনো সাক্ষ্য-প্রমাণ নাই।”

মুজাহিদকে আল-বদর বাহিনীর কমান্ডার হিসেবে দেখানো হয়েছে মন্তব্য করে খন্দকার মাহবুব বলেন, “সাক্ষ্য-প্রমাণে আমরা আবার দেখাব- কোনো সাক্ষী একথা বলেন নাই যে তিনি আল-বদরের কমান্ডার ছিলেন। তদন্তকারী কর্মকর্তাও জেরায় বলেছেন, এই ধরনের কোনো সাক্ষ্য-প্রমাণ পাননি।”

আদালতে এসব যুক্তি বিবেচনা করা হলে দণ্ডাদেশ ‘বাতিল হবে’ বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী।

তবে দুই আসামি যেসব যুক্তিতে রিভিউ আবেদন করেছেন, তাতে তাদের পক্ষে রায় যাওয়ার ‘সম্ভাবনা ক্ষীণ’ বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, “এ ব্যাপারে শেষ কথা বলার অধিকার বা এখতিয়ার আদালতের। আইনজীবী হিসেবে আমার যে ধারণা, অন্যান্য রিভিউ আবেদন বা যুদ্ধাপরাধের আগে যেসব রিভিউ আবেদন হয়েছে, সেই রিভিউর স্কোপ বা নিষ্পত্তির অভিজ্ঞতার আলোকে বলতে পারি, ফৌজদারি মামলায় স্কোপ খুবই সীমিত।”

ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ দুই যুদ্ধাপরাধীর যে সাজার সিদ্ধান্ত দিয়েছে রিভিউয়ে তা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

তিনি বলেন, “এসব তো কাগজেই ছাপা হয়েছে যে মুজাহিদ আল-বদর বাহিনীর প্রধান।..একজন আইজিপি থাকেন, কিন্তু থানা পরিচালনা করেন তো একজন ওসি বা পরির্দশক। রাও ফরমান আলী তো আর দেশে বুদ্ধিজীবীদের চিনতেন না।

“রাও ফরমান আলী এবং অন্যান্য সেনা কর্মকর্তারা নিশ্চয়ই অপরাধী। কিন্তু তাদের সাগরেদ হল, দোসর হল এই দেশে যে আলবদর নেতা ছিলেন তারা। কাজেই কোন আল-বদর নেতা এটা অস্বীকার করতে পারেন না বা দায় এড়াতে পারেন না-এ কথা বলে রাও ফরমান আলীর অধীনেই আলবদর বাহিনী ছিল।”

রায় থেকে রিভিউ

আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করলে পরদিন দুই আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই দিনই কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ এবং গাজীপুরের কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায়, শুরু হয় রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের দিন গণনা।

মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেন তার পাঁচ আইনজীবী শিশির মনির, মসিউল আলম, এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন।

এর আগে গত ৩ অক্টোবর শিশির মনিরসহ পাঁচ আইনজীবী কারাগারে গিয়ে মুজাহিদের সঙ্গে দেখা করে এসে জানিয়েছিলেন, তাদের রিভিউ আবেদন করতে বলা হয়েছে।

এরপর স্ত্রী, তিন ছেলে ও মেয়ে গত ৯ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে মুজাহিদের সঙ্গে দেখা করে আসেন।

সালাউদ্দিন কাদেরের পরিবারের সদস্যরাও কাশিমপুর কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন।

পুরনো খবর:

সাকা-মুজাহিদের রিভিউ আবেদন বুধবার