২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, বন্ধুকে সন্দেহ পুলিশের

রাজধানীর শ্যামপুরে ছুরিকাঘাতে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

নিহত মো. রাসেলের (২৪) বাড়ি খুলনায়।  শনিবার শ্যামপুরে এক বন্ধুর বাসায় বেড়াতে এসে রাতে তিনি ছুরিকাহত হন। ওই বন্ধুই তাকে ‍ছুরিকাঘাত করে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, রাসেল হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাসেল শনিবার খুলনা থেকে সুজন নামে তার এক বন্ধুর পশ্চিম শ্যামপুরের বাসায় বেড়াতে আসেন।

“ওই দিন রাতে অচেতন অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে আসেন এক নারী। তিনি নিজেকে সুজনের ভাবি বলে সে সময় পরিচয় দিয়েছিলেন। ছুরিকাঘাতের জখম ছিল রাসেলের ডান পিঠে।

“ওই নারী পুলিশকে বলেছিলেন, বরইতলায় ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে আড়াই হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে।”

তবে রাসেল যে বাসায় বেড়াতে আসেন সেই বাসা থেকে বরইতলা তিন কিলোমিটার দূরে জানিয়ে ওসি বলেন, “বরইতলায় কেউ ছিনতাইয়ের কোনো ঘটনা জানাতে পরেনি।”

রাসেল মারা যাওয়ার পর থেকে ওই নারীকে পাওয়া যাচ্ছে না এবং শনিবার রাত থেকেই সুজন পলাতক রয়েছে জানিয়ে তিনি বলেন, “পূর্ব শক্রতার জের ধরে সুজনই রাসেলকে ছুরি মেরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“রাসেল এবারই প্রথম ঢাকায় এসেছেন এবং অপরিচিত জায়গায় এসে তার রাতে তিন কিলোমিটার দূরে যাওয়া স্বাভাবিক নয়।”

ছেলের মৃত্যুর খবর শুনে রাসেলের মা খুলনা থেকে ঢাকায় আসছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা ওয়াজেদ বলেন, “তিনি আসার পর অনেক কিছু জানা যাবে।”

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।