২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গাড়িচাপায় ২ স্কুলছাত্র নিহত, অবরোধ-যানজট

মুন্সীগঞ্জের শ্রীনগরে গাড়িচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যুর পর স্থানীয়দের অবরোধে যানজট সৃষ্টি হয়েছে ঢাকা-মাওয়া মহাসড়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 09:45 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

রোববার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার কেয়টখালী বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সার্জেন্ট মো. হাসান সাংবাদিকদের বলেন, মহাসড়কে ইলিশ পরিবহনের একটি বাস পেছন থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর উঠে যায়।

এতে হাসারা কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির দুই ছাত্র শুভ (১২) ও সৌরভ (১৩) মারা যায়।

নিহতদের বন্ধু তরিকুল (১৩)সহ আরও চারজন এই দুর্ঘটনায় আহত হন।  এর মধ্যে প্রাইভেটকারের চালকও রয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা অবরোধ করলে ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল আটকে যায়।

প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ কর্মকর্তা হাসান জানান। তবে ব্যস্ত এই সড়কে আধা ঘণ্টা চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।

সার্জেন্ট হাসান বলেন, প্রাইভেট কার ও ইলিশ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালককে আটক করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়া থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের বাসটির ধাক্কায় প্রাইভেটকারটি কয়েকজনকে চাপা দিয়ে পাশের একটি গাছের উপর আছড়ে পড়ে।

আহত ছয়জনকে স্থানীয়রা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শুভ ও সৌরভসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে নেওয়ার পথেই শুভ ও সৌরভের মৃত্যু ঘটে। তারা দুজন সম্পর্কে চাচাত ভাই, দুজনেরই বাড়ি কেয়টখালীতে।

শুভর বাবার নাম সিরাজুল ইসলাম এবং সৌরভের বাবার নাম মো. জাহাঙ্গীর। তারা হাসারা থেকে বাড়িতে ফিরছিল বলে স্বজনরা জানায়।