রাজবাড়ীতে অস্ত্রসহ ২ ‘চরমপন্থী’ গ্রেপ্তার
রাজবাড়ীতে অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা চরমপন্থী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শুক্রবার গভীর রাতে পংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বহলাডাঙ্গা গ্রামের আজহার আলীর ছেলে আলী জামান (৪০) এবং খামারডাঙ্গা গ্রামের আলিমুজ্জামানের ছেলে ইদ্রিস বিশ্বাস (২৫)।
এরা চরমপন্থী অমল বাহিনীর সদস্য এবং তাদের বিরুদ্ধে পাংশা থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।
এসপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামান ও ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি ও একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, দুইটি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
