সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৪
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে মাগুরার শ্রীপুরে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে র্যাব।
শ্রীপুর থানার এসআই ওলিয়ার রহমান জানান, শুক্রবার সকালে উপজেলার কমলাপুর গ্রাম থেকে ওই চারজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন- শামীম আহম্মেদ (৩২), জিয়াউর রহমান খান (৩৫), সাইদুর রহমান (৪০) ও তুষার খান (২৮)। তাদের সবার বাড়ি শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে।
জেলার পুলিশ সুপার এহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এই চক্রটি দীর্ঘদিন ধরে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জেলার বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল।”
সম্প্রতি আশরাফুজ্জামান নামে ফরিদপুরের এক বাসিন্দা প্রতারণার শিকার হয়ে র্যাবকে জানালে ভোরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় বলে জানান এসপি।
