২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জামায়াতকর্মীকে কুপিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ জামায়াতকর্মী এক চাতাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 02:22 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের পর একজনকে আটক করেছে পুলিশ। 

নিহত শাহ আলম মিয়া (৪৫) ওই ইউনিয়নের বগলাগাড়ী গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে ওসি মোজাম্মেল হক জানিয়েছেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে নাসিরাবাদ বাজারের একটি দোকানে বসে চা পানের সময় শাহ আলমের ওপর হামলা হয়।

“স্থানীয়রা বলছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবুল হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ওই দোকানে হামলা করে। তারা টেনে-হিঁচড়ে শাহ আলমকে পাশের একটি বট গাছের নিচে নিয়ে যায় এবং কুপিয়ে হত্যা করে। পরে লাশ ফেলে রেখে তারা পালিয়ে যায়।”

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে আব্দুল মালেক (৫০) নামে একজনকে আটক করা হয় বলে জানান ওসি।

এদিকে নিহতের স্ত্রী রেনু বেগম ১১ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, আবুল হোসেনসহ স্থানীয় তিন গাঁজা বিক্রেতাকে কিছুদিন আগে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের তিন দিনের সাজা দেয়।

“তাদের ধারণা, আমার স্বামী পুলিশকে খবর দিয়েছিল। এ কারণে কিছুদিন ধরে তারা হুমকি দিচ্ছিল।”

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি।