নিষেধাজ্ঞায় ইলিশ ধরে ১৬১ জেলের সাজা
নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরায় বঙ্গোপসাগর থেকে আটক ১৮০ জেলের মধ্যে ১৬১ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তবে ১৯ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার নগরীর পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম-আল-ইয়ামিন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাঙ্গু গ্যাসক্ষেত্রের আশেপাশের সাগরে বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়ে কোস্ট গার্ডের টহল জাহাজ রূপসী বাংলা তাদের আটক করে।
অভিযানে ১২টি মাছ ধরার নৌকা ও সরঞ্জামের পাশাপাশি ৭০ মণ জাটকা জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় তাদেরকে এ দণ্ড দেওয়া হয়েছে।”
জব্দ করা মাছের পরিমাণ বেশি হওয়ায় তা শনিবার নিলামে তোলা হবে বলেও জানান ইয়ামিন।
মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার।
এর আগে বুধবারও বঙ্গোপসাগরের বহিঃনোঙরে দুটি ট্রলার থেকে ৬০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়, ৪০ জন জেলেকে কোস্ট গার্ড আটক করে।
