সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন; আহত হন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক ও সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনাগুলো ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া-নগরবাড়ি মহাসড়কে নিহত তিনজনের মধ্যে গার্মেন্টসকর্মী মুন্নাফ আরা (২৬) বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা।
অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কে নিহত আবু বক্কার সিদ্দিক (৫৫) সলঙ্গা থানার আমডাঙ্গা দক্ষিণ পাড়ার মৃত আহাদ বক্সের ছেলে।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলন, বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ওমরের স’মিল এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ দুইজন নিহত হন।”
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নেওয়ার পথে পিকআপ ভ্যানের যাত্রী মুন্নাফ আরা মারা যান বলে জানান ওসি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সকালে পাঁচলিয়া এলাকায় একটি বাস বক্কার সিদ্দিককে তাকে চাপা দেয়।
সেখান থেকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয় বলে জানান এসআই সাইফুল।
