সাভারে চালক পিটিয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ
ঢাকার সাভার উপজেলায় দুর্বৃত্তরা চালককে পিটিয়ে প্রাইভেটকার ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে হেমায়াতেপুর-সিঙ্গাইর সড়কের সাভারের তেঁতুলঝোড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাড়ির চালক শাহ আলম।
শাহ আলম হাসপাতালে সাংবাদিকদের বলেন, ভোরে হেমায়াতেপুর বাসস্ট্যান্ড থেকে তিন ব্যক্তি মানিকঞ্জ যাওয়ার জন্য তার গাড়ি ভাড়া নেন। পথে তাদের কথাবার্তায় সন্দেহ হলে তিনি তাদের সিঙ্গাইর রোডে নামিয়ে দিতে চান।
“এ সময় ওই তিন জন তার হাত-পা বেঁধে পিটিয়ে প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।”
পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান শাহ আলম।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
