নেত্রকোণায় ১ জনকে কুপিয়ে হত্যা
নেত্রকোণা সদরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেছে। ওই হামলায় আহত হন মৃত ব্যক্তির ছেলে ও ভাতিজা।
সোমবার দুপুরে কালিয়ারা গ্রামে এ সংঘর্ষে নিহত হন মোহাম্মদ আলী ওরফে হাসুনি মিয়া (৫০)।
আহতরা হলেন নিহতের ছেলে রিপন মিয়া (২৫) ও ভাতিজা গনি মিয়া (৩৫)।
নেত্রকোণা মডেল থানার এসআই আব্দুল আওয়াল জানান, গ্রামের বকুল খানের একটি মোবাইল ফোন প্রায় দুই মাস আগে চুরি হয়। এ নিয়ে প্রতিবেশী রনি মিয়াকে দায়ী করলে রনি ও বকুলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
“এর জেরে দুপুরে বাড়ির সামনে পেয়ে বকুল খান ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে রনির চাচা মোহাম্মদ আলীকে কুপিয়ে আহত করে।
“এ সময় মোহাম্মদ আলীকে বাঁচাতে গনি মিয়া ও রিপন মিয়া এগিয়ে গেলে তাদেরকেও কোপায় তারা।”
তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই আওয়াল।
লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল হাসান রোমান জানান, আহত গণি মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
