মুন্সীগঞ্জে বাস চাপায় নানি-নাতনি নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস চাপায় এক প্রবাসীর স্ত্রী ও তার নাতনির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের ষোড়ঘরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. হাসান।
নিহতরা হলেন স্থানীয় কামারপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল মালেকের স্ত্রী সালামা বেগম (৩৫) ও তার নাতনি জিসান (২)।
মো. হাসান জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় মাওয়াগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। শ্রীনগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
