ফাঁকা ঢাকায় ঈদ বিনোদন
কোরবানি নিয়ে যারা ব্যস্ত দিন পার করেছেন, ফুসরত পাননি পরিবারকে সময় দেওয়ার, ঈদের পরদিন স্ত্রী-সন্তানদের সঙ্গে তাদের দেখা মিলল ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে।
শনিবার সারাদিন রাজধানীর শিশুপার্ক, চিড়িয়াখানা ও সিনেমা হল ঘুরে এবং কথা বলে এই দৃশ্য পাওয়া গেছে।
সকাল থেকে শাহবাগে শিশুপার্কে প্রচুর জনসমাগম দেখা গেছে। পার্কে ঢোকার টিকেট কাউন্টারের এবং রাইডগুলোর টিকেট কাউন্টারের সামনে যেমন দীর্ঘ সারি, তেমনি গোটা পার্কে ছড়িয়ে ছিটিয়ে ছিল লোকজন। চঞ্চল শিশুদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে দেখা গেল অভিভাবকদের।
ব্যাংক কর্মকর্তা আফজাল হোসেন স্ত্রী ও দুই ছেলেসহ ঘুরতে এসেছেন শিশুপার্কে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রতিবার কোরবানির ঈদে দেশের বাড়ি টাঙ্গাইলে গেলেও এবার যেতে পারেননি, ঈদ করছেন ঢাকায়।
আফজাল বলেন, “ঈদে ঢাকা শহর কি পরিমাণ ফাঁকা হয় তা এইবার নিজের চোখে দেখলাম। এই ফাঁকা ঢাকা ভালো লাগছে। তবে পার্কের এই ভিড় ভালো লাগছে না। রাইডগুলোর সামনে যে ভিড় দেখছি, বাচ্চারা উঠতে পারবে কিনা বুঝতে পারছি না।”
পুরান ঢাকার ওয়ারির বাসিন্দা মো. জামাল হোসেন পেশায় ব্যাবসায়ী। ঈদের পরদিন ছয় বছরের ছেলে জাহিনকে নিয়ে শিশুপার্কে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আসলে পুরান ঢাকায় তো এখন মাঠ কিংবা বাচ্চাদের ছুটোছুটি করার কোন জায়গা নাই। এখানে মাঠ দেখে আমার ছেলে খুব খুশি। রাইডে চড়ার বদলে ছুটাছুটিতেই ওর আগ্রহ বেশি।”
প্রায় ছয় থেকে সাতগুণ বেশি সমাগম সামলাতে কোন সমস্যা হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, “কিছুটা সমস্যা তো হয়ই। তবে ঈদের এই সময়টাতে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগ থেকে আমাদের এখানে কর্মচারী সরবরাহ করা হয়। আমরা ম্যানেজ করে নিই। আর আজকে লোকজন কম এসেছে। আগামীকাল ভিড় আরো বাড়বে।”
চিড়িয়াখানায়ও প্রচুর ভিড় দেখা গেছে। খোঁ নিয়ে জানা গেল, ঢাকার লোকজনের পাশাপাশি হেমায়েতপুর, সাভার আশুলিয়া থেকে লোকজন এসেছেন উল্লেখযোগ্য হারে।
মিরপুর চিড়িয়াখানার কর্মচারী খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৯টার পর থেকেই ভিড় বাড়তে শুরু করে।
খলিলুর রহমান বলেন, “আজকে দিন ভালো, তাই সকাল থেকেই ভিড় শুরু হয়েছে। তবে বিকেল চারটার দিকে ভিড় কমতে থাকবে। কারণ সন্ধ্যা ৬টায় চিড়িয়াখানার গেট বন্ধের সময়।”
তিনি জানান, রোজার ঈদে ঈদের দিন থেকেই লোকজনের ভিড় শরু হয়। কোরবানির ঈদে তুলনামূলক ভাবে ভিড় কম হয়। তবে আজকের ভিড় দেখে মনে হচ্ছে, আগামী কয়েকদিন এইরকম ভিড় থাকবে।
বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনেও দেখা গেল বেশ লোকসমাগম। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের সামনে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঝর্না জাবেদ ও রাবেয়া ইসলাম রাখির সঙ্গে।
অবশ্য দর্শকদের উপস্থিতিতে খুব একটা আশাবাদী হতে পারছেন না বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের কাস্টমার কেয়ার অফিসার রাফিন হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে তিনি বলেন, “এবারের ঈদে প্রফিট কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। কারণ ভালো ছবি থাকলে দর্শক এমনিতেই আসে। এমনিতে মনে হচ্ছে আজকের শো হাউজফুল যাচ্ছে। দেখা যাক সামনে কি হয়।”
শ্যামলী সিনেপ্লেক্সের ব্যবস্থাপক আহসানউল্লাহ হাসান বলেন, “ এবার আমাদের হলে আশিকি চলছে। সকাল থেকে এখন পর্যন্ত দুটি শো হয়েছে। দুটিই হাউজফুল। আশা করি, এবারের ঈদে দর্শকরা সিনেমা দেখে খুশি মনেই হল থেকে বের হবেন।”
