২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির মাংসের হাট

ঈদের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে কোরবানির মাংসের ভ্রাম্যমাণ হাট; যেখানে বিক্রেতাদের কেউ একদিনের কসাই আর কেউ একদিনের মাংস ব্যবসায়ী।  নিম্ন আয়ের অনেকেই স্বচ্ছল আত্মীয়-স্বজনদের কাছে পাওয়া মাংস টাকার প্রয়োজনে বিক্রি করেছেন।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 09:52 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

ঈদের দিনের এই ভ্রাম্যমাণ মাংসের হাটে নিম্ন আয়ের মানু্ষেরাই সাধারণত প্রধান ক্রেতা, কম দামে মাংস কিনতে পেরে সন্তুষ্ঠি দেখা যায় তাদের চোখে-মুখে।

শুক্রবার বিকালে সরেজমিনে মহাখালী রেলগেট, কাকলি রেলগেট, কারওয়ান বাজার রেলগেট, মালিবাগ মোড়, মগবাজার রেলগট এলাকায় ভ্রাম্যমাণ এসব মাংসের হাটে ক্রেতা-বিক্রেতার বেশ ভিড় দেখা গেছে। লক্ষ্যণীয় ছিল হাটের জমজমাট বেচাকেনাও।

দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অস্থায়ী বিক্রেতারা মূলত বিভিন্ন এলাকা থেকে আসা কসাই কিংবা ক্ষুদ্র আয়ের মানুষ। এদের অধিকাংশ ঈদ উপলক্ষে মাংস কাটা কিংবা মাংস সংগ্রহের জন্য ঢাকামুখী হয়েছেন।

এসব হাটের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে প্রতি কেজি মাংসের দাম ১০০ থেকে শুরু করে সাড়ে ৩০০ টাকা পর্যন্ত উঠেছে বলে জানা যায়।

নাখালপাড়া থেকে প্রায় চার কেজি মাংস নিয়ে মহাখালী রেলগেটের অস্থায়ী মাংস বাজারে এসেছেন জাকির হোসেন।

ক্রেতাদের সঙ্গে দরদাম করতে করতে এলিফ্যান্ট রোডের এই ক্ষুদ্র ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজনে দিছিল, টাকার জন্য এনে বিক্রি করছি।”

কাকলি রেলগেট থেকে এক হাজার ৪০০ টাকা দিয়ে সাত কেজি মাংস কিনে বাসায় ফিরছিলেন চাকরিজীবী ইব্রাহিম।

ঈদে দাম কম থাকার কারণে প্রতিবছর কিনতে আসেন জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঠিকায় (অনুমানে) কিনেছি। মেপে দেখি সাত কেজি হইছে। ”

যারা বিভিন্ন বাড়িতে মাংস বানায় কিংবা মাংস চেয়ে আনে তারা এখানে এনে বিক্রি করছে বলে জানান ইব্রাহিম।

তবে আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেল তিনি পুরোদস্তুর একদিনের মাংস ব্যবসায়ী। কাকলি এলাকার হাটে একটু বেলা থাকতে এসে মাংস কিনে এরপর বিক্রি করছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাকলিতে টায়ার রিপেয়ারিংয়ের দোকানে কাজ করি। ছুটির মইধ্যে মাংসের ব্যবসা করতেছি।”

সাড়ে তিন কেজি মাংস নিয়ে ক্রেতাদের কাছে ১২০০ টাকা দাম চাচ্ছিলেন আমিনুল।

বিকাল ৫টার দিকে মহাখালী রেলগেটে দেখা যায়, প্রায় ৪০ কেজি মাংস ছোট ছোট স্তুপে সাজিয়ে বসেছেন মাংস বিক্রেতা আবুল কালাম।

নেত্রকোণার এই মাংস বিক্রেতা প্রতি স্তুপের দাম হাঁকছিলেন ৪০০ টাকা। তার কাছ থেকে মাংস কেনার দরদাম করছিলেন ক্রেতারা।

কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার নেত্রকোণা থেকে একসঙ্গে তারা দুইজন ঢাকায় এসেছেন। মহাখালী ওয়ারলেস মোড় এলাকায় এক বাড়িতে গরুর মাংস কেটে পেয়েছেন এই মাংসগুলো।

মাংসগুলো বিক্রি করে শুক্রবারই বাড়ির পথ ধরবেন জানিয়ে তিনি বলেন, “এলাকায় মাংসের ব্যবসা করি। প্রতিবারই আসি, এবারও আসছি। ঈদে আসলে ভাল লাভ পাওয়া যায়।”

গত বছর কোরবানি ঈদে ঢাকায় এসে মাংস কেটে এবং সংগ্রহ করা মাংস বেঁচে প্রায় ২৫ হাজার টাকা আয় করেছিলেন বলে জানান তিনি। এবারও ‘ভাল আয়’ করার আশা করছেন মাংস বিক্রেতা কালাম।

মহাখালী রেলগেটের ওই হাট থেকে এক হাজার টাকা দিয়ে প্রায় সাড়ে তিন কেজি মাংস কেনার কথা জানান গৃহকর্মীর কাজ করা মোমেনা খাতুন। থাকেন রেলগেটের পাশেরই এক বাসায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমরা তো কোরবানি করি না, এখানে সস্তায় মাংস পাওন যাই, তাই আইলাম। প্রতিবারই তো কিনি।”

গরুর চারটি পা ও বেশ কয়েক কেজি মাংস কিনে ছেলেসহ বাসায় ফেরার পথে চাকরিজীবী ওবায়দুল করিম বলেন, “আমরা আয় করি কম, টাকাও কম। কোরবানি করি নাই, তাই এখান থেকে মাংস কিনতে আসলাম।”