প্রবীণ সাংবাদিক আবদুল মতিন আর নেই
প্রবীণ সাংবাদিক আবদুল মতিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার একমাত্র ছেলে শাহরিয়ার ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা আজ ঈদের দিন সকাল সাড়ে ৬টার দিকে মারা গেছেন। অবস্থা খারাপের দিকে যাওয়ায় গতকাল তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়েছিল।”
মস্তিষ্কে রক্তক্ষরণ ও নিউমোনিয়ার কারণে ৭৯ বছর বয়সী এই সাংবাদিক গত ১৫ দিন ধরে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শাহরিয়ার জানান, আগামী সোমবার আসরের পর মোহাম্মদপুরের বাসায় তার বাবার কুলখানি হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে লেখাপড়া শেষ করে ১৯৬১ সালে দৈনিক সংবাদে আবদুল মতিনের সাংবাদিকতা জীবনের শুরু।
এরপর পাঁচ দশকের বেশি সময় ইংরেজি দৈনিক অবজারভার, সাপ্তাহিক হলিডে এবং দৈনিক নিউ নেশনে দায়িত্ব পালন করেন তিনি।
সর্বশেষ ২০০৪-০৫ সালে বাংলা দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন আবদুল মতিন।
সাংবাদিকদের দাবি আদায়ের বিভিন্ন আন্দোলনেও তিনি সম্পৃক্ত ছিলেন। ১৯৮৬-৮৭ মেয়াদে মতিন অবিভক্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতির দায়িত্ব পালন করেন।
আবদুল মতিন তার স্ত্রী ফরিদ মতিন, ছেলে শাহরিয়ার ফরিদ ও দুই মেয়ে নাহিদ নাসরিন ও নিগার নাসরিনকে রেখে গেছেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, অপর অংশের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, অপর অংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আলাদা শোকবার্তায় আবদুল মতিনের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
