২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত স্থানে কোরবানি বাধ্যতামূলক নয়: মেয়র খোকন

বর্জ্য অপসারণে সুবিধার জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হলেও সেসব স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 04:29 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

ঈদের একদিন আগে বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খোকন বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারণ করা ৩২৮টি স্থানে কোরবানি দেওয়া যাবে। এসব পয়েন্টে পানিসহ সার্বিক ব্যবস্থা থাকবে। তবে যে কেউ বাড়ির আঙিনায়ও কোরবানি দিতে পারবেন। কোথায় কোরবানি দেবেন তা নগরবাসীর জন্য বাধ্যবাধকতামূলক নয়।”

পাশাপাশি ঈদের দিন সন্ধ্যার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও ঢাকাবাসীকে আশ্বস্ত করেন এই মেয়র।

তিনি বলেন, “ঈদের তিন দিনই ঢাকা শহরে কোরবানি হয়। এই তিন দিন সন্ধ্যার মধ্যেই প্রতিদিনের বর্জ্য অপসারণ করা হবে।”

বর্জ্য ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইটে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। যে কেউ রেজিস্ট্রেশন করে অভিযোগ জানালে পড়ে থাকা বর্জ্য অপসারণ করা হবে।”

প্রতিবছর কোরবানির ঈদে রাজধানীর বিভিন্ন অলি-গলি ও রাস্তার ধারে পশু জবাইয়ের চিত্র দেখা যায়।

এর আগে গত সপ্তাহে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক সচিবালয়ে সাংবাদিকদের কোরবানির জন্য প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৮৫টি এবং উত্তরে ২০৮টি স্পট নির্ধারণের কথা জানিয়েছিলেন।

কোরবানির জন্য সরকারের নির্ধারিত স্থানে ইমাম, কসাই এবং পরিচ্ছন্নতাকর্মীরা থাকবেন বলেও জানান মেয়র সাঈদ খোকন।