২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রার শেষ দিনে কমলাপুরে ‘বিশৃঙ্খলা’

ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে সূচি বিপর্যয়ের সঙ্গে যাত্রী হয়রানি ও নানা বিশৃঙ্খলা দেখা গেছে। 

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 03:56 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের দায়িত্বহীন আচরণ ও উদাসীনতার কারণেই এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে যাত্রীদের অভিযোগ।

শুক্রবার ঈদের আগেই গ্রামের বাড়িতে পৌঁছানোর জন্য বৃহস্পতিবার সকালে থেকে অসংখ্য মানুষ স্টেশনে জড়ো হতে শুরু করেন।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, সকাল থেকে দিনের প্রথম ভাগে কোনো ট্রেনই নির্ধারিত সময়ে না ছাড়ায় সূচি এলোমেলো হয়ে যায়।

আগাম টিকেটের যাত্রীদের পাশাপাশি আসনবিহীন টিকিট এবং টিকিটবিহীন যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে সকাল ১০টার দিকে প্ল্যাটফর্ম হয়ে ওঠে জনসমুদ্র। হাতে টিকেট থাকার পর ভিড়ের কারণে অনেক যাত্রী কাঙ্ক্ষিত ট্রেনে চড়তে পারেননি।

সকাল ৬টা ২০ মিনিটের সুন্দরবন এক্সপ্রেসের জন্য বেলা ১০টা পর্যন্ত অপেক্ষার পরও নির্ধারিত কেবিনে উঠতে পারেননি পঞ্চাশোর্ধ্ব ইয়াসমিন আহমেদ। যে বগিতে তার কেবিন, সেখানে দাঁড়িয়ে যাওয়ারও সুযোগ হয়নি তার।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্যদের নিয়ে স্টেশনে বসানো র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে অভিযোগ করতে গেলে ইয়াসমিন আহমেদকে তারা স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন খুলনা যাওয়াই অনিশ্চিত হয়ে পড়েছে।”

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের অনেক যাত্রীকেও একই ধরনের অভিযোগ নিয়ে স্টেশন ম্যানেজারের কার্যালয়ে আসতে দেখা যায়। তবে ততক্ষণে ট্রেন চলে যাওয়ায় সমস্যার সমাধান আর হয়নি।

রেলের ডিজি খলিলুর রহমান অতিরিক্ত ভিড়ের কারণে অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “তাদের বাধা দেয়া সম্ভব হচ্ছে না। বাধা দিলে সিন ক্রিয়েট হবে।”

সাহয্যের আশায় যাত্রীরা জিআরপি, আরএনবি, আনসার, পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খোঁজ করলেও তাদের দেখা মেলেনি। তাদের জন্য নির্ধারিত প্যান্ডেলও ফাঁকা দেখা গেছে।

ভিড়ে বিশৃঙ্খলার কথা স্বীকার করলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুপস্থিতির কথা অস্বীকার করেছেন আরএনবি পুলিশের ডিজি আমিনুল ইসলাম। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আরএনবির সদস্যরা বিভিন্ন স্থানে যাত্রীদের সহায়তা করছেন। হয়তো আপনাদের চোখে পড়ছে না।”

কমলাপুরে কতজন আরএনবি সদস্য দায়িত্ব পালন করছেন জানতে চাইলে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

যোগাযোগ করা হলে মজিবুর রহমান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা জানান।