হাসি নেই ফেনীর কামারশিল্পীদের
পশু জবাইসহ কাটাকুটিতে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জামের দাম এবার চড়া থাকলেও হতাশার কথা জানিয়েছেন ফেনীর কামারশিল্পীরা।
তারা কয়লা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তেমন লাভ করতে পারছেন না বলে দাবি করেছেন।
বছরজুড়ে কামারপাড়াগুলোতে তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে মাসখানেক আগে থেকে কামারদের ব্যস্ততা বেড়ে যায়। এই সময়টাতে তাদের দম ফেলার ফুসরত থাকে না।
জেলার কামারপাড়াগুলো ঘুরে দেখা যায়, পশু জবাই ও মাংস কাটার জন্য বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র তৈরি ও শান দিতেই দিনরাত ব্যস্ত কামাররা।
শহরের পাঁচগাছিয়া, বিরলী, কাশিমপুর, লক্ষ্মীয়ারা কামারপাড়া, সহদেরপুর কামার বাড়ি, রেলগেইট সুলতান মাহমুদ পৌর হর্কাস মার্কেট, বড় বাজার, তাকিয়া রোড, সোনাগাজী বাসস্ট্যান্ডে কামারের দোকানগুলোতে ব্যস্ত কামাররা।
নতুন দা, বঁটি, চাপাতি ও ছুরি তৈরির অর্ডার, কেনাকাটা কিংবা শান দিতে গ্রাহকদের ভিড় লেগেই রয়েছে।
রেলগেইট সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের এক কারিগর জানান, নতুন এক একটি দা বা বঁটি বানাতে সাড়ে ৬শ থেকে ৮শ টাকা পড়ে। ছুরি একশ টাকা থেকে আড়াইশ টাকা কিংবা চাপাতি সাড়ে সাতশ টাকা থেকে এক হাজার টাকা পড়ে।
তবে গ্রাহকরা নিজে লোহা কিনে দিলে খরচ কম হয়। এছাড়া দা, ছুরি, চাপাতি, বঁটিতে আগে শান দিতে খরচ পড়ত ৩০/৩৫ টাকা। এখন তা বেড়ে ৮০/১০০ টাকায় দাঁড়িয়েছে।
কিন্তু উৎপাদন খরচ বেশি পড়ায় লাভের মুখ তেমন দেখছেন না বলে দাবি তার।
সহদেরপুর কামার বাড়ির কারিগর সৌরভ জানান, ইট ভাটায় এখন আর কয়লা পাওয়া যায় না। ঢাকা থেকে বস্তা প্রতি ২২শ টাকা দরে কয়লা কিনতে হচ্ছে। কয়লার পাশাপাশি কাঁচামালের দাম বেড়েছে দ্বিগুণ হারে।
কামারীরা এখন আর দা, ছুরি বানিয়ে পোষাতে পারছে না। দাম বৃদ্ধি নিয়ে প্রতিদিনই ক্রেতাদের সঙ্গে তাদের মনোমালিন্য হচ্ছে বলে জানান তিনি।
জেলা শহর ছাড়াও দাগনভূঞা, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক কামারপাড়ায় এমন চিত্র দেখা গেছে।
এদিকে শহরের রাজাঝির দিঘীর পাড়ে বড় বড় হার্ডওয়্যার দোকানগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে বিভিন্ন রকমের দা, বঁটি, ছুরি, চাপাতিসহ মাংস কাটার সরঞ্জাম রয়েছে। দেশি সরঞ্জামের পাশাপাশি বিদেশ থেকে আনা ধামা, চাপাতি, ছুরিও পাওয়া যাচ্ছে।
এ বাজারের আবদুল মোতালেব হার্ডওয়ারের বিক্রেতা মো. শরিফ বলেন, “প্রতিবছর ঈদের আগের ১৫ দিন যেখানে বেচাকেনা ৩০/৩৫ হাজার টাকা ছিল সেখানে এখন ৮/১০ হাজার টাকাও বিক্রয় হচ্ছে না।”
প্রতিটি সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা নতুন সরঞ্জাম কেনা কমিয়ে দিয়েছে বলে জানান তিনি।
এ বাজারে আসা মীর হোসেন রাসেল নামে এক ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত বছর যে ধামা ৬শ টাকা দিয়ে কিনেছিলেন সেটির এবছর দাম হাঁকা হচ্ছে ৮শ টাকা।
পণ্যের দাম বেড়ে যাওয়ায় তার মতো অনেকেই নিতান্ত প্রয়োজন ছাড়া নতুন জিনিস কিনছেন না। পুরোনো সরঞ্জামগুলোকে শান দিয়ে প্রস্তুত করে নিচ্ছেন বলে জানান তিনি।
