মৌলভীবাজারে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার কোনাগাঁও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কমলগঞ্জ থানার ওসি এনামুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওই গ্রামের কদর মিয়া, করিম হোসেন, ফরিদ মিয়া, সালাউদ্দিন, জয়নাল মিয়া ও কবির মিয়া।
এর আগে সোমবার রাতে ওই গ্রামে রেজাক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।
রেজাক উপজেলার পূর্ব জালালপুর গ্রামের মৃত উম্মর আলীর ছেলে।
ওসি বলেন, সোমবার রাতে সাঙ্গাইসাবি গ্রামের কদর আলীর বাড়িতে ডাকাত দল হামলা করে। বাড়ির লোকজনের চিৎকারে ডাকাতরা মনিপুরী পল্লীর কোনাগাঁও দিয়ে পালাতে চেষ্টার সময় স্থানীয়দের পিটুনিতে রেজাক নিহত হন। তার সঙ্গী সাইফুল গুরুতর আহত হয়।
আহত সাইফুলকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ছয় জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
