লতিফের আসনে পুনঃতফসিলের ইঙ্গিত
টাঙ্গাইল উপ নির্বাচনে মনোনয়ন দাখিলের সময় হজের মধ্যে পড়ায় প্রার্থীর কথা বিবেচনায় নিয়ে পুনঃতফসিলের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।
তাড়াহুড়ো করে উপনির্বাচনের তারিখ ঘোষণার পরের দিনই পুনঃতফসিলে তোড়জোড় দেখা গেছে সাংবিধানিক এ সংস্থায়।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার আবু হাফিজ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হজের জন্য অনেকের অসুবিধা হতে পারে। এজন্যে প্রয়োজনে পুনঃতফসিল করতেও অসুবিধা নেই। আবার কোন দল বা কেউ অসুবিধার কথা না জানালে পুনঃতফসিলের দরকার পড়বে না।”
হজ নিয়ে মন্তব্যের জের ধরে টাঙ্গাইল-৪ আসনের সাংসদ আবদুল লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব, দলীয় সদস্য পদ ও সংসদ সদস্য পদ হারান।
আবু হাফিজ
পুনঃতফসিল হলে মনোনয়ন জমা থেকে ভোট পর্যন্ত সব তারিখই পরিবর্তন করা হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।
এবছর ২৭ সেপ্টেম্বর থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার সস্ত্রীক হজে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তবে তার আগেই মঙ্গলবার তফসিল ঘোষণা করা হয়। বুধবার ইসিতেও আসেননি সিইসি কাজী রকিব। এরই মধ্যে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজও সস্ত্রীক হজে গেছেন।
অপর তিন নির্বাচন কমিশনারের মধ্যে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার এক সপ্তাহ ধরে অসুস্থ রয়েছেন। অপর কমিশনারদের মধ্যে নির্বাচন কমিশনার জাবেদ ও আবু হাফিজ বুধবার নির্বাচন কমিশনে এসেছিলেন।
নির্বাচন কমিশনার আবু হাফিজ সিইসির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সিইসির দায়িত্বে থাকছেন।
ইসি কর্মকর্তারা জানান, ১ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হওয়ায় ২৯ নভেম্বরের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সিইসি হজে যাওয়ায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে ২৮ অক্টোবর ভোটের দিন রেখে তাড়াহুড়ো করে তফসিল ঘোষণা করা হয়। সেক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় রাখা হয়েছে।
তফসিল ঘোষণার আগেই অনেক সম্ভাব্য প্রার্থী হজে গেছেন।
এদিকে তফসিল ঘোষণা হলেও একদিন পরও বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র সরবরাহ করতে পারেনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
পুনঃতফসিলের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ জানান, হজের সময়ে আগ্রহী প্রার্থীদের ‘অসুবিধা’র বিষয়টি ইতিবাচকভাবে ‘চিন্তা’ করা হচ্ছে।
“হজের বিষয়টি গুরুত্বপূর্ণ। কিন্তু সামনে নভেম্বরে পরীক্ষাও রয়েছে। সবদিক বিবেচনা করে ২৮ অক্টোবর ভোট রাখা হয়েছে। এখন অনেকে হজে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরাও যেতে পারেন। কোনো রাজনৈতিক দল কিংবা সম্ভাব্য প্রার্থী এখনো আমাদের জানায়নি। তবে বিষয়টি আমরা কনসিডার করবো। প্রয়োজন হলে পুনঃতফসিল করতে কোনো অসুবিধা হবে না।”
সিইসি ও একজন কমিশনার হজে থাকলেও বাকি তিন জন দেশে থাকায় পুনঃতফসিল সংক্রান্ত সিদ্ধান্ত প্রয়োজন হলে দ্রুত নেওয়া হবে বলে জানান তিনি।
টাঙ্গাইল উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার মনোনয়ন দাখিলের সময় ১৫ দিন রাখা হয়েছে।
“গতকাল তফসিল ঘোষণা হলেও বুধবার মনোনয়নপত্র সরবরাহ করতে পারিনি। মনোনয়নপত্র নিয়ে আসতে ঢাকায় আমরা কর্মকর্তা পাঠিয়েছি। আশা করি, বৃহস্পতিবার থেকে আগ্রহীদের ফরম দিতে পারবো।”
ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনেও মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলে জানান তিনি।
তফসিল ঘোষণার একদিনের মাথায় ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে বৃহস্পতিবার বিকাল ৫টায় গণভবনে সংসদীয় বোর্ডের সভা ডেকেছে।
এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে আগেই জানিয়েছিলেন লতিফ সিদ্দিকী। তবে তার ভাই কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ উপনির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে।
