শীতলক্ষ্যা পাড়ে পশুর হাটে নিষেধাজ্ঞা
কোরবানি সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে পশুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
পাশাপাশি ওই হাট বসাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দেওয়া কার্যাদেশও স্থগিত করা হয়েছে।
রুলে সিটি করপোরেশনের দেওয়া ওই কার্যাদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতের এই আদেশের ফলে ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার আগের তিন দিন ওই স্থানে পশুর হাট বসানো যাবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আবেদনকারী পক্ষের আইনজীবী একরামুল হক টুটুল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে পশুর হাট বসাতে দরপত্র আহ্বান করে। পরে ১৩ সেপ্টেম্বর এক ব্যক্তিকে কার্যাদেশ দেয় সিটি করপোরেশন।
এরপর মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন আদালতে ওই রিট আবেদন করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও আইনজীবী একরামুল হক।
পরে একরামুল হক আদেশের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে চার নদী রক্ষায় হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেয়। এর মধ্যে নির্দেশনা অনুসারে নদীর সীমানা নির্ধারণ, ওয়াকওয়ে নির্মাণ ও বনায়ন করা হয়েছে। ওই স্থানে হাট বসানো হলে এগুলো ক্ষতিগ্রস্ত হবে।
“এসব কারণে ওখানকার স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। এরপরও কার্যাদেশ দেওয়ায় রিটটি করা হয়।”
