২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুডু খেলা নিয়ে বিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে লুডু খেলা নিয়ে বাক-বিতণ্ডার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মঙ্গলবার বিকালে উপজেলার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ হোসেন জানান।

নিহত মো. একরাম হোসেন (৩৫) ওই গ্রামের মোকছেদ মেম্বারের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নোয়াপাড়া এলাকারই পরান মিয়া, তার ভাই জামাল ও ছেলে বাবলুকে আটক করেছে পুলিশ

একরামের চাচা আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগে লুডু খেলা নিয়ে একরামের সঙ্গে পরান মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে বিকালে নোয়াপাড়া এলাকায় একটি চা দোকানের সামনে একরামকে একা পেয়ে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় পরান ও তার লোকজন।

“ এ সময় একরামের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে তাকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।”

পরে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনার পর একরামের সমর্থকরা পরান মিয়ার বাড়িঘরে ভাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।