উত্তরায় চার কসমেটিকস দোকানকে জরিমানা
বিএসটিআই এর অনুমোদন ছাড়া কসমেটিকস রাখার দায়ে রাজধানীর উত্তরায় একটি বিপণিবিতানের চারটি দোকানকে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাজউক কমার্শিয়াল মার্কেটের ওই দোকান চারটি হলো- আদর্শ কসমেটিকস, খান কসমেটিকস, জে এস কসমেটিকস ও ন্যান্সি কসমেটিকস।
মঙ্গলবার দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহায়তায় ওই অভিযান পরিচালিত হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটি দোকানকে মোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে প্রায় চার লাখ টাকার ভেজাল কসমেটিকস ধ্বংস করা হয়েছে।
এ সময় বিএসটিআই কর্মকর্তা মো. রেজানুর রহমান উপস্থিত ছিলেন।
