রাস্তার কারণে যানজট হবে না: কাদের
কোরবানি ঈদে ‘রাস্তার কারণে’ যানজট না হওয়ার নিশ্চয়তা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, “যানজট রাস্তার কারণে হবে না এটি আমি নিশ্চয়তা দিচ্ছি। ফিনটেনবিহীন গাড়ি রাস্তায় বন্ধ হয়ে গেলে যানজট সৃষ্টি হয়।
“আজকের একনেক বৈঠকেও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে অনুরোধ করা হয়েছে, প্লিজ মালিক-শ্রমিকদের বলে দিন যাতে করে আনফিট গাড়ি রাস্তায় না আসে, যানজট হলে হয় ওই কারণেই।”
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন নৌ পরিবহন মন্ত্রী।
মন্ত্রী দাবি করেন, ঢাকা-চট্টগাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কে গত ঈদে কোন সমস্যা হয়নি।
এবারও এমন সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
যানজট নিরসনে চন্দ্রা মোড়ে একটি বাইলাইন ১৭ সেপ্টেম্বর এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ৪টি নিউজার্সি ব্যারিয়ার ১৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করতে নানা উদ্যেগ নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “ঢাকার ৪টি বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, অতিরিক্ত যাত্রী পরিবহন ইত্যাদি বিষয়ে তদারকিতে ৪টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।”
এছাড়া সড়ক সংরক্ষণ, মেরামত ও সংস্কার করে চলাচল উপযুক্ত রাখতে ২৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
এরই মধ্যে ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ৯দিন সিএনজি স্টেশন গুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগের তিনদিন এবং পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখারও সিদ্ধান্ত আছে।
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং কোরবানীর পশু ও কাঁচা চামড়া এর আওতামুক্ত থাকবে বলে জানান ওবায়দুল কাদের।
১৬ সেপ্টেম্বর থেকে বিআরটিসি সব ডিপো থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে এবার ৫০২টি বাস চলবে এবং ৬১টি বাস রিজার্ভ থাকবে।
বিআরটিএ এর নিয়ন্ত্রণ কক্ষ
এদিকে ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর মোট সাত দিন বিআরটিএ সদর দপ্তরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৯১৩০৬৬২ এবং ০১৯৬৬৬২২০১৯।
ঢাকায় প্রবেশ ও বহির্গমনে মূল সড়কের চাপ কমাতে ছোট যানবাহনকে বিকল্প সড়ক হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা-সুলতানা কামাল সেতু এবং মিরপুর মাজার-ধৌউর-বিরুলিয়া-আশুলিয়া সড়ক ব্যবহারের অনুরোধ জানান মন্ত্রী।
