শার্শায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
যশোরের শার্শা উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক।
শার্শা থানার ওসি এনামুল হক জানান, রোববার ভোরের দিকে উপজেলার হাড়িখালি যদুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের (২৫) বাড়িও একই গ্রামে বলে জানান তিনি।
সাইফুলের বাবা কাওসার আলী দরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদিন আগে তাদের প্রতিবেশী প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রীর মোবাইল চুরি হয়।
“এ বিষয়ে কথা বলতে রোববার ভোর সাড়ে ৫টার দিকে গ্রামের ১০/১২ জন যুবক সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
“পরে চুরির অভিযোগে ওই যুবকরা তাকে প্রচণ্ড মারধর করে।”
কাওসার জানান, স্থানীয় কয়েকজন তা দেখতে পেয়ে সাইফুলকে উদ্ধার করে সকাল ৮টার দিকে বাসায় আনেন।
“এরপর আমরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু পথেই সাইফুলের মৃত্যু হয়।”
ওসি এনামুল বলেন, রোববার সকালে দুইজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
