২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে কোট-গাউন চান না প্রধান বিচারপতি

গরমের সময় আদালতে আইনজীবীদের কালো কোট ও গাউন পরা ‘বাস্তবসম্মত’ নয় বলে মনে করেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 08:21 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, “আমাদের দেশে প্রায়ই বিদ্যুৎ সমস্যা থাকে। অনেক আদালতে দেখেছি, বিচার কাজ চলার সময় বিদ্যুৎ চলে যায়। এ সময় বিচারকরা ছোট একটি ফ্যান চালিয়ে গরম থেকে পরিত্রাণ পান।

“কিন্তু আইনজীবীদের অনেক কষ্ট হয়, যা কোনোভাবে সহ্য করার মতো নয়। গ্রীষ্মকালে কালো গাউন ছেড়ে দেওয়ার সময় এসেছে।”

ব্রিটিশদের কাছ থেকে এই ড্রেস কোড আসার কথা জানিয়ে তিনি বলেন, “যাদের দেশ থেকে কালো কোট গাউন এসেছে, তারাও পরিবর্তন করছে। আমাদের আইনজীবীদেরও উচিত গরমের দিনে কালো কোট ও কালো গাউনে পরিবর্তনের দাবি তোলা; আমার সমর্থন রয়েছে।”

এস কে সিনহার এই অভিমতকে সমর্থন করে বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদারও।

তিনি বলেন, “আমি প্রধান বিচারপতির বক্তব্যকে সমর্থন করি। আমিও মনে করি, এগুলো বন্ধ করা উচিত। আমাদের এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত।”

বর্তমানে আইনজীবীরা শার্টের উপর কালো কোট গায়ে দিয়ে তার উপর কালো রংয়ের আচকান/গাউন পরেন।

সিভিল রুলস অ্যান্ড অর্ডার এবং বার কাউন্সিল অর্ডারে আইনজীবীদের পোশাকের বিষয়ে বলা আছে। আদালতে নির্ধারিত পোশাক না পরে গেলে আইনজীবীদেরকে সাধারণত শুনানিতে অংশ নিতে দেওয়া হয় না।

গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় কয়েক বছর আগে হাই কোর্টের একটি বেঞ্চ আদালত অবমাননার রুলও দিয়েছিল।

গরমে অতিরিক্ত পোশাকের কারণে বিদ্যুৎ ব্যবহার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছিল।

ওই নির্দেশনায় বলা হয়, আনুষ্ঠানিক বাধ্যবাধকতা ছাড়া মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অফিসে স্যুট-টাই পরা যাবে না।

এরপর ২০১২ সালের ৫ জুন নতুন করে ওই আদেশ ফের প্রকাশ করে স্যুট-টাইয়ের পরিবর্তে প্যান্ট ও শার্ট (অর্ধ/পুরাহাতা) পরার কথা মনে করিয়ে দেয় সরকার।

এর মধ্যেই গত এপ্রিলে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েন স্যুট-টাই পরে আসা মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

এ বিষয়ে আইনজীবীদের পোশাকের ইস্যুতে সরব তরুণ আইনজীবী রাইসুল ইসলাম সৌরভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের জন্য নির্দেশনার আদলে আইনজীবীদের পোশাকে পরিবর্তন আনার প্রস্তাব রাখেন।

তিনি বলেন, “মূলত ব্রিটিশ শাসনামল থেকে আমাদের এ উপমহাদেশের আইনজীবী ও বিচারকদের মধ্যে এ ধরনের পোশাক পরার চল। আমাদের দেশ নাতিশীতোষ্ণ হলেও এখানে সাত-আট মাস উষ্ণ আবহাওয়া বিরাজ করে। গরমের সময় এগুলো পরে পেশাগত দায়িত্ব পালন সাজার মতোই “

এক্ষেত্রে গ্রীষ্মকালে সাদা রঙের শার্টের সঙ্গে কালো প্যান্ট এবং কেবলমাত্র শীতকালে অতিরিক্ত হিসাবে কালো কোট, গাউন, টাই ব্যবহারের প্রস্তাব দেন রাইসুল ইসলাম।

আইনজীবীদের পরিচয় নিশ্চিতে পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে বলেও অভিমত দেন এই আইনজীবী।

‘জাস্টিস সেক্টর কোঅর্ডিনেশন: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক ওই সেমিনারের আয়োজক ছিল সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি। সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান।

প্রধান বিচারপতি তার বক্তব্যে মামলাজট প্রসঙ্গে বলেন, “জনবল সংকট ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে মামলাজটের সৃষ্টি হয়। তাই আইনজীবীরা সহযোগিতা না করলে বিশাল মামলাজট কমানো সম্ভব নয়।

“মামলাজটের পেছনে শুধু আইনজীবী বা বিচারকরাই দায়ী নয়। জনবল সংকট ও অবকাঠামোগত উন্নয়নের অভাবও এজন্য দায়ী।”

আলোচনার পর ঢাকার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিমের আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালতের মামলার তালিকা (কজ লিস্ট), মামলা নিষ্পত্তির তালিকার সন্নিবেশ করে মোবাইল ফোন অ্যাপস উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

এস কে সিনহা বলেন, “নির্বাহী বিভাগ আইন প্রবর্তন করে। কিন্তু পর্যাপ্ত জনবল ও অবকাঠামো সৃষ্টি করে না। যেমন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন। এ আইনের অধীনে অনেক মামলা আছে, কিন্তু জনবল নেই।”