২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমানুষের আস্থা অর্জন করতে হবে, পুলিশকে প্রধানমন্ত্রী

সেবার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 07:25 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

তিনি বলেছেন, “পুলিশের সব সদস্যকে ঔপনিবেশিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে মানুষের সেবায় নিয়োজিত করতে হবে। জনমানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার পুলিশ ফোর্সকে সার্ভিসে রূপান্তরের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।”

বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় পুলিশ একাডেমিতে পৌঁছে প্রথমেই নবনির্মিত অতিথি ভবন ‘তরুণিমা’ এবং প্যারেড গ্রাউন্ডের নবনির্মিত গ্যালারি উদ্বোধন করেন।

পরে তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপস্থিত হয়ে অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “পুলিশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একটি যুগোপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বাস্তবমুখী ও জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেছি।

“দীর্ঘদিনের দাবি অনুযায়ী পুলিশ পরিদর্শক পদকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ থেকে প্রথম শ্রেণির (নন-ক্যাডার) গেজেটেড পদে এবং উপপরিদর্শক ও সার্জেন্ট পদকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদে উন্নীত করেছি। আমাদের সময়েই সর্বমোট ১২ হাজার ৯৩৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পদোন্নতি প্রদান করা হয়েছে। রেশন ৬০ ভাগ থেকে শতভাগে উন্নীত করেছি।”

পুলিশ বাহিনীকে বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, “বিশ্বায়নের এই যুগে অপরাধ তদন্তে যুগোপযুগী ব্যবস্থা গ্রহণ না করলে অপরাধ দমন ও উদঘাটন সম্ভব নয়। তাই সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, আন্তর্জাতিক ও আঞ্চলিক জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে।

“সেই লক্ষ্যে পুলিশ বাহিনীকে উন্নত প্রশিক্ষণ প্রদান ও তথ্য প্রযুক্তির প্রয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। অপরাধ ও অপরাধী শনাক্তকরণে পুলিশের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আমরা বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রকে আধুনিক ও যথাযথ মানসম্পন্ন করার জন্য জনবল বৃদ্ধিসহ, অবকাঠামোগত উন্নয়ন সাধন করে চলেছি।”

সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেশে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, আইন-শৃঙ্খলার মত জনগুরুত্ব সম্পন্ন প্রতিটি ক্ষেত্রেই আমরা ব্যাপক উন্নয়ন করেছি। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে হবে। মৌলিক ও মানবাধিকারকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

পুলিশ একাডেমির অধ্যক্ষ নাঈম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে পদ্মা নদীর তীরে নবনির্মিত অতিথি ভবন ‘ঊর্মি’ উদ্বোধন করে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে সেরা কর্মকর্তা হিসাবে ফারুক আহম্মেদ, রেজওয়ানা চৌধুরী ও পঙ্কজ বড়–য়াকে পুরস্কৃত করা হয়।