২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে `ধর্ষণের পর’ শিশু হত্যা, আটক ২

চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। 

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 06:44 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

নিহত রুবিনা আক্তার ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের টেলু মিজির মেয়ে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান জানান, বুধবার রাত ৩টায় জুয়েলকে গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার রাত ১টায় মিন্টুকে লক্ষ্মীপুর সদরের হাজিরহাট থেকে আটক করা হয় বলে জানান তিনি।

মাসুম হোসেন মিন্টু (২৫) ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সেকদি গ্রামের মৃত মিজান মুন্সির ছেলে এবং জুয়েল (২২) একই গ্রামের টেলু মিয়ার ছেলে।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, মিন্টু ও জুয়েল মিলে রুবিনা আক্তারকে ধর্ষণের পর হত্যা করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

চাঁদপুর ডিবি পুলিশের এসআই খন্দকার মো. ইসমাইল জানান, রুবিনা ২৬ জুলাই দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে একা স্কুল থেকে বাড়ি ফিরছিল।

“পথে সেকদি গ্রামের জুয়েল ও মিন্টু রুবিনাকে স্থানীয় একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

“অনেক রক্তক্ষরণে রুবিনা জ্ঞান হারালে তারা তাকে গলাটিপে হত্যা করে বস্তায় ভরে পাশের বিলে ফেলে দেয়।”

এসআই ইসমাইল আরও জানান, রুবিনার পরিবার ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ২৯ জুলাই তার বাবা ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

২৫ অগাস্ট সকালে ওই এলাকায় বিলের পাশে একটি ঝোপে রুবিনার মা ফাতেমা বেগম লাশ দেখতে পান বলে জানান ইসমাইল।