বেতন বৈষম্য বাড়বে: বিসিএস সমন্বয় কমিটি
সরকারি চাকুরেদের জন্য প্রচলিত সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রথা বিলুপ্ত করায় বেতন বৈষম্য বাড়বে বলে নিজেদের পর্যবেক্ষণ দিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি।
এক্ষেত্রে বিশেষ পদের অবনমন ঘটবে বলেও মনে করে এ কমিটি।
বুধবার গণপূর্ত অধিদপ্তরে কমিটির এক সভা শেষে কমিটির প্রচার সম্পাদক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া এ কথা জানান।
বিশেষ পদের অবনমন বিষয়ে উদাহারণ দিয়ে কিবরিয়া বলেন, “বিসিএস শিক্ষা ক্যাডারে চতুর্থ গ্রেডে যারা বেতন পায়, এখান থেকে সিলেকশন গ্রেডে অধ্যাপক হয়ে তৃতীয় গ্রেডে যায়। সিলেকশন গ্রেড বন্ধ হওয়ায় সে কর্মকর্তাকে চতুর্থ গ্রেড থেকে বিদায় নিতে হবে।”
সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রথা চালু করতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কবির আহমেদ ভূইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার সরকারি চাকুরেদের জন্য প্রচলিত সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রথা বিলুপ্ত করে প্রতি বছরের ১ জুলাই একসঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
