প্রতিদিন ঢাকায় নামছে ৩১৭টি গাড়ি
ঢাকা শহরের রাস্তায় চলাচলের জন্য প্রতিদিন বিভিন্ন ধরনের ৩১৭টি গাড়ির নিবন্ধন দেওয়া হয় বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ২০১৫ সালের অগাস্ট মাসের পরিসংখ্যানের ভিত্তিতে ঢাকায় গাড়ির নিবন্ধন দেওয়া নিয়ে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, গত ৩১ অগাস্ট পর্যন্ত ঢাকা শহরে নিবন্ধিত বিভিন্ন শ্রেণির যানবাহনের সংখ্যা নয় লাখ ২৪ হাজার ৩৯২টি। এর মধ্যে তিন লাখ ৬৫ হাজার ৩৫০টি মটরসাইকেল এবং দুই লাখ ১৬ হাজার ৫৫৫টি প্রাইভেট কার।
ঢাকা শহরে যানজট কমাতে প্রাইভেটকার কেনা ও ব্যবহারে কোনো নীতিমালা হবে কি না- এক সংসদ সদস্যের এ প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, যানজট নিরসনে প্রাইভেট কারের ব্যবহার সীমিত করার বিষয়টি ‘জাতীয় সমন্বিত বহু মাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা ২০১৩’ এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
“যানজট নিরসনে ঢাকায় ‘ম্যাস র্যাপিড ট্রানজিট’র কাজ অগ্রাধিকারের ভিত্তিতে শুরু হয়েছে। এই কাজ সমাপ্ত হলে প্রাইভেট কারের ব্যবহার সীমিত হয়ে যাবে।”
২০ বছরের পুরনো গাড়ি উচ্ছেদে সফলতা আসছে কি না সে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “কতিপয় অসাধু পরিহন মালিকের অসহযোগিতার কারণে অভিযানে পুরোপুরি সফলতা আসছে না। অভিযান বন্ধ হলে এ সকল গাড়ি পুনরায় রাস্তায় নিয়ে আসে।
“২০ বছরের পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরাতন পণ্যবাহী গাড়ি ঢাকা শহরে চলাচল নিষিদ্ধ।”
মন্ত্রী জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চলমান কার্যক্রমের অংশ হিসাবে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ২০১৪ সালের জুলাই থেকে গত জুলাই পর্যন্ত ৫ হাজার ৭২৪টি মামলার মাধ্যমে ৬৮ লাখ ৭৪ হাজার ৩০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৮০টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
‘বাড়ানো হবে বিটিআরসির বাস’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক পথে যাত্রী সেবার মান বাড়াতে ভারতীয় ঋণের আওতায় ৩০০টি দ্বিতল ও ১০০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
