বরিশালে সমিতির নামে অর্থ আত্মসাতের অভিযোগ
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে একটি সমবায় সমিতির নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
এছাড়া একই সমিতির নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাল খননের জন্য নেওয়া অর্থ আত্মসাতেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। তবে সমিতির নামে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয় মৌখিকভাবে।
তবে, ‘তয়কা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি মজিবুর রহমান দুলাল তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেননি।
স্থানীয়রা জানান, নামে বেনামে ঋণ দেখিয়ে সমিতির আমানত থেকে সোয়া ১১ লাখ টাকা আত্মসাত করেছেন মজিবুর রহমান দুলাল।
এ সমিতিতে কাগজে-কলমে ২৯৬ জন সদস্য রয়েছেন, যার মধ্য থেকে ২৮ জনকে ঋণ গ্রহীতা দেখানো হয়েছে। এ ২৮ জনের মধ্যে ১৫ জন হলেন নারী।
সমিতির বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, নারীদের ঋণ নেওয়ার পরিমাণ ৬ লাখ ৬ হাজার টাকা এবং পুরুষদের ৫ লাখ ৫ হাজার টাকা।
ঋণ গ্রহীতার তালিকায় রয়েছেন জামিল মোর্সেদ নামের এক স্কুল শিক্ষক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তয়কা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য খাতায় তার ২শ’ শেয়ার রয়েছে, যার বিপরীতে আমানত জমা হয়েছে ৪ হাজার ৮৩০ টাকা। তিনি সমিতি থেকে ঋণ নিয়েছেন ৫০ হাজার টাকা।
তবে এসবের কিছুই তার জানা নেই বলে জানান মোর্সেদ।
তয়কা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিতে তার কোনো শেয়ার কিংবা আমানত নেই বলে দাবি করেন তিনি।
তার নামে নেওয়া ঋণের ব্যাপারে জানতে সমিতির সভাপতি মজিবুর রহমান দুলালের কাছে গেলে তার তোপের মুখে পড়েন বলে অভিযোগ করেন জামিল মোর্সেদ।
সমিতির কাগজপত্র থেকে আরও জানা যায়, সমিতির তালিকার ৮৬ নম্বর সদস্য হলেন সালেহা খাতুন। তার নামেও রয়েছে ২শ শেয়ার, ৪ হাজার ৮৩০ টাকা সঞ্চয় এবং ৫০ হাজার টাকা ঋণ।
এ ব্যাপারে জানতে চাইলে সালেহা বলেন, তিনি সমিতির সদস্য এটাই তার জানা নেই। শেয়ার, সঞ্চয় কিংবা ঋণের কথা তো পরের ব্যাপার।
সালেহা খাতুনের ছেলে আবু বক্কর বলেন, “সমিতির সভাপতি মজিবুর রহমান দুলাল পেশায় আইনজীবী ও প্রভাবশালী ব্যক্তি। তার সামনে কেউ কোনো কথা বলে না।”
পূর্ব তয়কা গ্রামের রানী বেগমও একই কথা বলেন।
তিনি বলেন, “স্যার প্রতিবন্ধী মাইয়াডারে কষ্ট কইরা বিয়া দিছি। পোলাডায় ঢাকা বিরানী ঘরে কাম করে। ৫০ হাজার ট্যাহা পাইলে তো শ্যাষ জীবনডা সুহে কাটত।”
মোজাম্মেল হোসেন নামে একজন জানান, সমিতিতে তার নামেও ১৫০টি শেয়ারের বিপরীতে ৪ হাজার ৮৩০ টাকা সঞ্চয় দেখানো হয়েছে।
তবে তারও জানা নেই সমিতিতে তার নাম লিপিবদ্ধ হলো কীভাবে এবং কে তার নামে শেয়ার কিনে সঞ্চয়ের টাকা জমা রাখছেন।
সমিতির কাগজপত্র থেকে জানা যায়, সমিতিতে ২৯৬ জন সদস্য রয়েছে। এর মধ্যে ৩৬ জন সদস্যের অনুকূলে ৪ হাজার ৯৫০ টাকা, ২০ জন সদস্যের অনুকূলে ৪ হাজার ৮৫০ টাকা, ১৩০ জন সদস্যের অনুকূলে ৪ হাজার ৮৩০ টাকা, ৯ জন সদস্যের অনুকূলে ৩ হাজার ২৩০ টাকা এবং ৯৯ সদস্যের অনুকূলে ৬৫০ টাকা সঞ্চয় দেখানো হয়েছে।
স্কুল শিক্ষক জামিল মোর্সেদ আরও জানান, সমিতির নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাল খননের একটি কাজ আনেন সভাপতি। কিন্তু পুরো কাজ না করেই প্রকল্পে টাকা আত্মসাত করেন তিনি।
বরিশাল এলজিডির হিসাবরক্ষক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকল্পের ২৫ লাখ টাকার মধ্যে ২২ লাখ টাকা তারা পরিশোধ করেছেন। বাকি রয়েছে তিন লাখ টাকা।
এদিকে, টাকা আত্মসাতের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি সমিতির সাধারণ সম্পাদক কাওসার উদ্দিন মাস্টারের।
এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সভাপতির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
অর্থ আত্মসাতের ব্যাপারে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে সভাপতি মজিবুর রহমান দুলাল বলেন, সমিতিতে এখনও ২৫ হাজার টাকা আমানত রয়েছে। বাকি টাকা ঋণসহ বিভিন্ন খাতে খরচ হয়েছে।
তবে তার সঠিক হিসাব কাগজপত্র না দেখে বলা যাবে না বলে জানান মজিবুর।
দুর্নীতির প্রসংঙ্গে মুলাদী উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সমবায় সমিতির অনুমোদন দেওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই তাদের।
