ফরিদপুরে জামিনের পর আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনার আসামি ক্ষমতাসীন দলের এক নেতা জামিনে মুক্তির পরপরই নতুন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সোমবার সন্ধ্যায় জেলা কারাগারের ফটক থেকে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান।
ওসি বলেন, সালথার উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান গত ১৯ অগাস্ট উপজেলার ইউসুফদিয়া গ্রামে এক অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগে যোগ দেন। সে সময় দেলোয়ার হোসেন মিছিল নিয়ে সেখানে উপস্থিত হলে মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ওই ঘটনায় দ্রুত বিচার আইনে দেলোয়ার হোসেনসহ ৬৭ জনকে আসামি করে মামলা হয়। ওই মামলায় পুলিশ দেলোয়ারকে গ্রেপ্তারও করে।
সোমবার দেলোয়ার জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। ওই জামিনের কাগজ ফরিদপুর কারাগারে পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়।
এর পরপরই জেলগেইট থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
