অপহরণ করে ধর্ষণ: দুই আসামির ২ দফা যাবজ্জীবন
চট্টগ্রামে অপহরণ ও ধর্ষণের দায়ে ১৪ বছর আগের এক মামলায় দুই আসামিকে দুই দফা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
আসামি ইয়াকুব আলী ও মো. মামুন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। সাতকানিয়া উপজেলার দ্বীপ চরতি গ্রামে তাদের বাড়ি।
২০০১ সালে তারা দ্বীপ চরতি গ্রামের এক তরুণীকে (২০) অপহরণের পর বিভিন্ন স্থানে কয়েকদিন আটকে রেখে ধর্ষণ করেন বলে আদালতে প্রমাণিত হয়।
এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারা ও ৯ (৩) ধারায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের দুই ধারাতেই আলাদাভাবে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই সাজা একটির পর অন্যটি কার্যকর হবে।”
এছাড়া প্রত্যেক আসামিকে দুই ধারাতেই ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।
মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ২১ মে রাতে দুই আসামি দ্বীপ চরতি এলাকায় ২০ বছর বয়সী ওই তরুণীর বাড়িতে গিয়ে তার বড় ভাইয়ের নাম ধরে ডাকাডাকি করে। ওই কলেজছাত্রী ঘরের দরজা খুললে তাকে জোর করে তুলে নিয়ে যায় ইয়াকুব ও মামুন।
এরপর চট্টগ্রাম নগরীর জাহেদ বোর্ডিংসহ কয়েকটি স্থানে আটকে রেখে ওই তরুণীকে তারা ধর্ষণ করে। এ ঘটনায় একই বছরের ২৮ মে ওই তরুণীর ভাই মামলা করেন।
এরপর ২০০১ সালের ৩ অগাস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি।
মামলার ১১ জন সাক্ষীর মধ্যে পাঁচ জনের জবানবন্দি শুনে আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করল।
