জলবায়ু তহবিল: ধনী দেশকে চাপ দিতে জাতিসংঘকে আহ্বান রাষ্ট্রপতির
জলবায়ু পরিবর্তন তহবিলে ধনী দেশগুলোর অংশগ্রহণ আরও বাড়াতে জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তন জন্য উন্নত দেশগুলো দায়ী হলেও এর বিরূপ প্রতিক্রিয়ার শিকার হচ্ছে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো। কিন্তু জলবায়ু পরিবর্তন ফান্ডে ধনী দেশগুলোর অংশগ্রহণ আশানুরূপ নয়।
“রাষ্ট্রপতি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের এই প্রতিক্রিয়া অব্যাহত থাকলে অভিবাসী সমস্যা আরও তীব্র হবে।”
জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি এ ব্যাপারে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাতের সময় রবার্ট ওয়াটকিনস শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, বাংলাদেশ দক্ষতার সঙ্গে শান্তিরক্ষায় কাজ করছে।
জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ ও ভূমিকার প্রশংসাও করেন ওয়াটকিনস।
