২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসহ আটক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

মাদকের মামলায় কারাগারে আটক স্বেচ্ছাসেবক লীগের এক নেতা হাসপাতালে মারা গেছেন, যাকে চার খুনের আসামি ধরার অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 11:50 AM

Updated : 22 Aug 2022, 01:06 PM

মৃত ফরহাদ হোসেন (৪৫) ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলছেন, বুধবার ভোর রাতে ‘হার্ট অ্যাটাক’ হলে ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সকাল ৬টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তবে ঠিক কী কারণে ফরহাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে রেজিস্ট্রারে লেখা আছে। ডাক্তার রোগ নিয়ে কিছু লেখেননি।”

ফরহাদকে গত ১৮ অগাস্ট বাড্ডায় তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি এম এ জলিল।

তিনি বলেন, “ওই অভিযানের সময় তার অফিস থেকে ১৩ বোতল ফেনসিডিল, ৬২টি ইয়াবা এবং ফেনসিডিলের কিছু খালি বোতল পাওয়া যায়।”

পরে মাদকের মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

সম্প্রতি বাড্ডায় চার খুনের ঘটনায় সন্দেহভাজনদের তালিকায় ফরহাদের নাম ছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, “ওই ঘটনার অভিযুক্তদের ধরতে প্রায়ই অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসাবেই ফরহাদকে আটক করা হয়েছিল। কিন্তু তাকে মাদকের মামলায় কারাগারে পাঠানো হয়।”

গত ১৩ অগাস্ট বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে দুর্বৃত্তের গুলিতে আহত হন কয়েকজন। হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন সময়ে মারা যান স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামাসহ চারজন।

এছাড়া গত ২০ অগাস্ট গাজীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইদুর রহমান নামে বাড্ডার এক যুবলীগকর্মী নিহত হন, যার নাম সন্দেহভাজন হিসেবে সংবাদ মাধ্যমে এসেছিল।

ফরহাদের স্ত্রী মুনমুন তাসলিমা সুবর্ণা ঢাকা মেডিকেলের মর্গে সাংবাদিকদের বলেন, “১৮ তারিখ রাত সাড়ে ৮টার দিকে মধ্য বাড্ডার পার্টি অফিস থেকে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। পুলিশ তখন বলেছিল, রাজনৈতিক কারণে ফরহাদকে ধরা হয়েছে।কিন্তু পরে দেখি মাদকের মামলা দিয়েছে।”

স্ত্রীর দাবি, ফরহাদ মাদক নিতেন না। তাদের বাড়ি মধ্য বাড্ডায়। ১৭ বছরের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান নেই।

পুরনো খবর:

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত বাড্ডার ‘সন্ত্রাসী’