২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার চোর সন্দেহে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার সদর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 10:16 AM

Updated : 25 Apr 2022, 01:47 PM

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের এএসআই কামাল হোসেন জানান।

নিহত তসলিম উদ্দিন (৩৫) স্থানীয় খেঁজুরতলা গ্রামের তবির উদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে গরু চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ইসলামী বিশ^বিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই কামাল বলেন, “ফকিরাবাদ গ্রামের নওদাপাড়ায় আমোদ আলীর বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে তসলিমকে আটক করে এলাকাবাসী। তারা পিটিয়ে তাকে মেরে ফেলে।”

খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন বলেন, “তসলিম এলাকায় চুরির সঙ্গে জড়িত। এলাকায় সবাই তাকে চোর বলে জানে।”

এর আগে মঙ্গলবার পাবনার বেড়া উপজেলায় ‘ছেলেধরা’ অপবাদ দিয়ে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের ধারণা, এ ঘটনা পরিকল্পিত ছিল।