২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় তিন বাসযাত্রীর কাছে ৮ কেজি সোনা

মাগুরা সদর উপজেলায় দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালিয়ে ৮০টি সোনার বারসহ তিন যাত্রীকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 09:29 AM

Updated : 12 Oct 2022, 04:10 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বুধবার ভোরের দিকে পিটিআই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে সংগ্রাম পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাশাইল গ্রামের সুবোধ কুমার শীল (৩২), সদর উপজেলার ঘোনা গ্রামের নিরঞ্জন শীল (৩৪) এবং ঢাকার সাভারের বনগাঁও গ্রামের সুমন শীল (৩০)।

এএসপি জানান, প্রতিটি সোনার বারের ওজন একশ গ্রাম। সেগুলোর উপরে ‘দুবাই’ লেখা রয়েছে।

“গোপন তথ্যের ভিত্তিতে রাতে বাসটি থামিয়ে ওই যাত্রীদের তল্লাশি করা হয়। সোনার বারগুলো তাদের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে লুকিয়ে রাখা ছিল।”

গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, ঢাকার কল্যাণপুর থেকে ওই বাসে করে তারা সাতক্ষীরায় যাচ্ছিলেন।

এএসপি তারিকুল বলেন, “দোহার-নবাবগঞ্জের মরু নামের এক ব্যক্তি ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সোনার বারগুলো তাদের দেয় বলে তারা জিজ্ঞাসাবাদে বলেছেন। সাতক্ষীরায় দাদু নামের একজনের হাতে সেগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল। এ জন্য তাদের সঙ্গে ১৫ হাজার টাকায় চুক্তি হয়েছিল।"

এর আগেও তারা একাধিকবার ঢাকা থেকে সাতক্ষীরায় এভাবে সোনার চালান নিয়ে গেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

উদ্ধার সোনার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে এএসপি জানিয়েছেন।