কেরাণীগঞ্জে বাসচাপায় নিহত ২
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিআরটিসি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার কদমপুর এলাকার আনোয়ারা ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই রবিচরণ চৌহান জানিয়েছেন।
নিহতরা হলেন- মাদারীপুরের মাসুম (১৮) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মনোহরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মাসুম (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই রবিচরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়া থেকে ঢাকাগামী বিআরটিসি একটি বাস কদমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম।
