২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭৩টি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের সুপারিশ

অনিয়ম পাওয়ায়  ১৭৩টি হজ এজেন্সির ট্রাভেল এজেন্সি হিসেবে লাইসেন্স বাতিল করতে বিমান মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের বলেন, “হজ এজেন্সিগুলো প্রথমত ট্রাভেল এজেন্ট। ট্রাভেল এজেন্ট হিসেবে এরা সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে লাইসেন্স নেয়। হজের জন্য নেয় ধর্ম মন্ত্রণালয় থেকে। এজন্য আমরা ট্রাভেল এজেন্ট হিসেবে তাদের লাইসেন্স বাতিল করার সুপারিশ করেছি।”

কমিটির গত বৈঠকে অনিয়মের সঙ্গে জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিয়েছে, তা ধর্ম মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে বলেছিল সংসদীয় কমিটি।

Image
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার প্রথম হজফ্লাইট ছাড়ার আগে বিমানে অপেক্ষমাণ যাত্রীরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার প্রথম হজফ্লাইট ছাড়ার আগে বিমানে অপেক্ষমাণ যাত্রীরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারুক খান জানান, বিমান মন্ত্রণালয়ের জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় তাদের দু্ই দফায় চিঠি দিয়ে জানিয়েছে ৬৯টি এবং ১০৪টি এজেন্সির বিরুদ্ধে তারা অনিয়মের প্রমাণ পেয়েছে।

ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, এসব এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 

তবে ওই ১৭৩টি এজেন্সির তালিকা বিমান মন্ত্রণালয়কে ধর্ম মন্ত্রণালয় দেয়নি বলেও জানান কমিটির সভাপতি।

ল্যান্ডিং চার্জ কমানোর দাবি এয়ারলাইন্সগুলোর

এদিকে সংসদীয় কমিটির কাছে ল্যান্ডিং চার্জ কমানো, ট্রেনিং ফ্লাইট চার্জ কমানো এবং জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো।

নভো এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউএস বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারলাইন্সের প্রতিনিধিরা সংসদীয় কমিটির আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদীয় কমিটি বেসরকারি এয়ারলাইন্সগুলোকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে বলেছে।

এ প্রসঙ্গে ফারুক খান বলেন, “সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার পর আমি এবং মন্ত্রী তাদের সঙ্গে বসব। তাদের অনেকগুলো সমস্যা সিভিল এভিয়েশন সমাধান করতে পারে।”

এদিবে বৈঠকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আগামী বৈঠকে তাদের অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফারুক খান বলেন, “বিমানের এমডি কাইল হেইউড বৈঠকে বলেছেন, লাগেজ হ্যান্ডেলিং এবং অন্যান্য সার্ভিসে তাদের কিছু সমস্যা রয়েছে। তবে তারা উন্নতি করছে। বিমানের যাত্রী বেড়েছে বলেও কমিটিকে জানানো হয়েছে।”

কমিটির আগামী বৈঠকে এসব বিষয়ের ওপর অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছে বলে জানান তিনি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে রূপসী বাংলা হোটেলের সকল কাজ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে আরও দৃষ্টিনন্দন করার সুপারিশ করা হয়।

এছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল সংস্কারের সব কাজ কোনো প্রতিবন্ধকতা ছাড়া আগামী বছরের ৩০ জুনের মধ্যে শেষ করা এবং তদারকি জোরদারের সুপারিশ করা হয়।

ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, কামরুল আশরাফ খান এবং মো. আফতাব উদ্দীন সরকার অংশ নেন।