রাবিতে ছাত্রলীগ নেতার ভর্তি বাতিল
যোগ্যতা না থাকার পরও ভর্তি হওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার ভর্তি বাতিল করা হয়েছে।
ভর্তির তিন বছর পর সোমবার রাতে একাডেমিক কাউন্সিলের সভায় ওই ছাত্র নেতার ভর্তি বাতিলের সিধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।
ভর্তি বতিল হওয়া ওই ছাত্রলীগ নেতা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন মুন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমফিল ডিগ্রি নেওয়ার জন্য ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজে (আইবিএস) ভর্তি হন মুন।
“কিন্তু ভর্তির যোগ্যতা না থাকলেও তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের একক সিদ্ধান্তে তাকে ভর্তি করা হয়েছিল।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তির যোগ্যতা না থাকার পরও মুনকে আইবিএসে ভর্তির বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অবৈধ ভর্তির বিষয়টি প্রমাণ হলে একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপন করা হয়।
সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে মুনকে আইবিএস থেকে তার ভর্তি বাতিল করা হয় বলে জানান তিনি।
কাউন্সিলের সভায় মুনকে ভর্তির সঙ্গে জড়িত সকল শিক্ষকের প্রতি নিন্দা প্রস্তাব আনা হয় বলেও জানান অধ্যাপক চৌধুরী সারওয়ার।
ইব্রাহীম হোসেন মুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আমার আইবিএসের ভর্তি বাতিল করার বিষয়টি শুনেছি। তবে সেখানে ভর্তি বিষয়ে আমার যোগ্যতা না থাকার বিষয়টি বলা হলেও তা সঠিক নয়।
“আইবিএস-এ ভর্তি প্রক্রিয়ার যাবতীয় শর্ত মেনেই আমি ভর্তি হয়েছিলাম। সেখানে তিন বছর আগে আইবিএস যদি কোনো ভুল করে থাকে সেটা তো আমার জানার কথা নয়।”
তিনি আরও বলেন, এ মাসের ৩০ তারিখে তার পিএইচডির সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা যেন না হয় সেজন্য সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে কারো কোনো অভিযোগ ছাড়াই এই পদক্ষেপ নিয়েছে।
এ ঘটনার সুরহা না হলে প্রশাসনের বিরুদ্ধে তিনি মামলা করবেন বলেও জানান।
