ঝিনাইগাতী সীমান্তে গুলিতে বন্যহাতির মৃত্যু
বাংলাদেশ-ভারত সীমান্তের হালচাটি এলাকায় গুলিতে এক বন্যহাতির মৃত্যু হয়েছে।
ঝিনাইগাতী রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া আহমদ জানান, সোমবার বিকালে হাতিটি বিএসএফের গুলিতে আহত হয়, রাতেই মারা যায় হাতিটি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জাকারিয়া আহমদ জানান, সোমবার বিকালে বন্যহাতির একটি দল হালচাটি সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিএসএফ হাতির দলকে লক্ষ্য করে গুলি করলে ওই হাতিটি গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের একশ গজ ভিতরে এসে পড়ে যায়।
“গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশ সীমান্তে পড়ে থাকার পর রাতেই হাতিটির মৃত্যু হয়।”
মঙ্গলবার সকালে মৃত হাতিটিকে সীমান্তের কাছে একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয় বলে জানান তিনি।
ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজুওয়ানুল হক ভূইয়া জানান, সুরতহাল রিপোর্ট তৈরির সময় মৃত হাতিটির মাথায় একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে বলে শেরপুরের সহকারী বনসংরক্ষক মমিনুর রশিদ ও নকসী সীমান্ত ফাঁড়ির বিজিবি কোম্পানী কমান্ডার তোফাজ্জল হোসেন জানিয়েছেন।
