কানের দুলের জন্য শিশু হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করে তার গলার স্বর্ণের চেইন, কানের দুল ও নূপুর ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামের একটি পাটক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানান দৌলতপুর থানার এসআই ওবাইদুর রহমান।
নিহত মায়া (৫) মুসলিমনগর গ্রামের মইনুল ইসলামের মেয়ে।
আটক ওই কিশোরের (১৪) নাম প্রকাশ করা হল না।
শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই ওবাইদুর বলেন, সকাল ৯টার দিকে শিশুকে ফুসলিয়ে বাড়ির পাশে পাট ক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নূপুর নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মাঠে গিয়ে পাট ক্ষেতের মধ্যে ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বলে জানান তিনি।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার এবং ওই কিশোরকে আটক করা হয়েছে।
“শিশুটিকে কাঁচা পাটের আঁশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
