কালশীর বিহারি ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা কেন নয়: হাই কোর্ট
মিরপুরের কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফারজানা ও আজাদের পরিবারসহ আহত এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত আর্থিক সহায়তা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
বিচারপতি কাজি রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ একটি রিট আবেদেনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার এই রুল দেয়।
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ৯ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০১৪ সালের ১৪ জুন মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্প নামে পরিচিত ওই স্থানে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরদিন এ নিয়ে পল্লবী থানায় একটি মামলা করে পুলিশ।
এই অবস্থায় পর্যাপ্ত ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে গত রোববার হাই কোর্টে রিট আবেদন করেন ওখানকার দুই বাসিন্দা মো. সাদাকাত খান পাক্কু ও শহীদ আলী বাবলু।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম চাকলাদার; সঙ্গে ছিলেন হাফিজুর রহমান খান।
আদেশের পর হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আদালত রুল দিয়েছেন।”
শহীদ আলী বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক বছর আগে ঘটে যাওয়া এ ঘটনায় একই পরিবারের ৯ জন মারা যায়। ওই পরিবারের একমাত্র সদস্য ফারজানা আগুনে পুড়লেও কোনোমতে বেঁচে যায়। আজাদ নামে একজনও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া অনেক আহত হন।
“এক বছর পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি না হওয়ায় এবং ক্ষতিগ্রস্তরা পর্যাপ্ত আর্থিক সহায়তা না পাওয়ায় এ রিটটি করা হয়।”
