২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেধরা অপবাদে তিন জনকে পিটিয়ে হত্যা

পাবনার বেড়া উপজেলায় তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 01:44 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

মঙ্গলবার দুপুরে সিএন্ডবি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর কোতোয়ালি থানার আলাল উদ্দিন মেম্বার (৫০), নাটোরের আসলাম (৪২) এবং আবু বকর। এরা তিনজন পরস্পর আত্মীয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত তিনজন গরু ব্যবসার কাজে বেড়ায় আসেন। দীর্ঘদিন ধরে তারা এ ব্যবসায় জড়িত।

“ধারণা করা হচ্ছে তাদের সঙ্গে বেড়ার স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর ব্যবসায়িক লেনদেন থাকায় পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

পুলিশ বিষয়টি তদন্ত করে স্থানীয় ব্যবসায়ীদের নাম পরিচয় জানার চেষ্টা করছে বলে জানান তিনি।

দুপুর সাড়ে ১২ টার দিকে ছেলে ধরা সন্দেহে তাদের পিটিয়ে হত্যার সময় ঘটনাস্থলে কয়েক হাজার লোক উপস্থিত ছিল।

বেড়া থানার এসআই রফিক জানান, দুপুরে সিরাজগঞ্জগামী একটি বাস থেকে তিন জনকে সিএনবি মোড়ে নামিয়ে ছেলে ধরা বলে চিৎকার করলে সেখানে উপস্থিত অসংখ্য লোক তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পিটিয়ে হত্যা করে। সাপ্তাহিক হাটবার থাকায় সিএন্ডবি মোড়ে এমনিতেই লোকজন বেশি ছিল।

“আমরা মাত্র চারজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত থাকলেও আমাদের কিছুই করার ছিল না।”

ওই তিন জনকে পিটুনির হাত থেকে ঠেকাতে গিয়ে আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

পরে বেড়া ও সাঁথিয়া থানা থেকে আরও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কেউ পরিকল্পিতভাবে তাদের হত্যা করেছে কী না জানা নেই। বাস থেকে নামিয়ে ওই তিন জনকে ছেলেধরা বলে চিৎকার করলে হাটে উপস্থিত জনতা তাদের উপর ঝাপিয়ে পড়ে।

বাস থেকে নামানোর পর ওই তিন জনকে ৪০/৫০ জনের একটি দল তাদের ধাওয়া করে। তারপর হাটে উপস্থিত লোকজনও তাদের উপর চড়াও হয়ে মারধর করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।