সেনপ্রধানের সঙ্গে ভারতের এনডিসি দলের সাক্ষাৎ
সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সফররত ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) প্রতিনিধি দল।
সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও পেশাগত বিষয়ে আলোচনা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিয়ার এডমিরাল ডি এম সুদনের নেতৃত্বে ভারতের এনডিসির ২৩ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে গত ২৩ অগাস্ট বাংলাদেশ আসে।
প্রতিনিধি দলটি বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সোমবার সৌজন্য সাক্ষাৎ করে।
বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করে আগামী ২৭ অগাস্ট প্রতিনিধি দলটি দেশে ফিরবে।
