স্পারসো বোর্ডে থাকবে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পরিচালনা পর্ষদে দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান রেখে একটি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন), আইন, ২০১৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১’ দিয়ে স্পারসো পরিচালিত হয়। বর্তমান বিধানে পরিচালনা পর্ষদে এক জন সার্বক্ষণিক চেয়ারম্যান এবং তিন জন সার্বক্ষণিক সদস্য রয়েছেন।
“প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছে, স্পারসো সুচারুভাবে পরিচালনার জন্য এই বোর্ডে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রে সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক বা বিশেষজ্ঞ থাকা দরকার।
“আইনের সংশোধনে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রস্তাব করেছে, বোর্ডে একজন সার্বক্ষণিক চেয়ারম্যান এবং ৪ জন সার্বক্ষণিক সদস্য থাকবেন। এই সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দুজন থাকবেন এই প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে।
“এই প্রতিষ্ঠানে চীফ সায়েন্টিফিক কর্মকর্তার পদে কয়েকজন রয়েছেন, এদের মধ্যে থেকে ২ জন আসবেন বোর্ডে। বাকি দুটি পদে সরকার নিয়োগ দেবে।”
মন্ত্রিসভা এই বিষয়টি নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
