পেট্রোলিয়াম করপোরেশন আইনের খসড়া অনুমোদন
সামরিক শাসনামলে জারি করা পেট্রোলিয়াম করপোরেশন অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গত ২ মার্চ এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। চূড়ান্ত অনুমোদনে তেমন কোনো পরিবর্তন হয়নি।
“বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সামরিক শাসনামলের ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অর্ডিনেন্স ১৯৭৬’ এর অধীনে পরিচালিত হয়ে আসছে। সামরিক শাসনামলের প্রয়োজনীয় আইন মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী বাংলায় করা হচ্ছে।”
নতুন আইনে বিপিসি বোর্ডের সদস্য সংখ্যা বাড়ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূল আইনে করপোরেশনে একজন চেয়ারম্যান এবং পাঁচজন পূর্ণকালীন পরিচালক থাকবেন বলা ছিল।
“নতুন আইনের খসড়ায় একজন চেয়ারম্যান ও আটজন পরিচালক বোর্ডে রাখা হয়েছে। এর মধ্যে তিনজন থাকবেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি।
“বোর্ডের মিটিংয়ে পাঁচজনের কোরাম হবে, এর মধ্যে একজন থাকতে হবে সরকারের প্রতিনিধি।”
জ্বালানি বিভাগ করপোরেশনের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপনের প্রস্তাব দিলেও মন্ত্রিসভা তা অনুমোদন করেনি বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
গত ২ মার্চ এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।
