ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
ছাঁটাই বন্ধ করাসহ কয়েকটি দাবিতে নারায়ণগঞ্জে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মোতালেব মনোয়ারা, এন টি এ্যাপারেলস ও প্রীতম গার্মেন্টসের শতাধিক শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স জেলা সভাপতি শাহাদাত হোসেন সেন্টুর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ, শ্রমিক কর্মচারী ঐক্য জোট নেতা আব্দুল কাদের প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মোতালেব মনোয়ারা, এন টি অ্যাপারেলস ও প্রীতম গার্মেন্টস কর্তৃপক্ষ বিনা কারণে শ্রমিকদের চাকুরিচ্যুত করছে। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ ও চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান তারা।
এ ব্যাপারে তারা বিকেএমইএ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
