সাতক্ষীরায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ২
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিংড়িখালিতে খাসজমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার ভোরের দিকে এ ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মনির হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- বৈরাগিরচক-চিংড়িখালি ভূমিহীন সমিতির সভাপতি আশরাফ মীর (৫৬) ও তার শ্যালক ইসহাক পাড় (৫৫)।
নিহত আশরাফের বাড়ি উপজেলার কাশিবাটি গ্রামে এবং ইসহাকের বাড়ি বালিয়াডাঙ্গা গ্রামে।
সংঘর্ষে দুপক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, কালিগঞ্জের বৈরাগিরচক-চিংড়িখালি ভূমিহীন পল্লীর ৯০০ বিঘা সরকারি খাস জমিতে ২০০৪ সাল থেকে ৪৪৬টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে।
“ওই জমির দখল ও এলাকার আধিপত্য নিয়ে ভূমিহীন সমিতির সভাপতি আশরাফ মীরের সঙ্গে স্থানীয় করিম পাড়ের সমর্থকদের বিরোধ চলে আসছে। আর করিম পাড়কে সমর্থন দিচ্ছেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন।”
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে আশরাফ মীরের নেতৃত্বে ‘৫০/৬০ জন অস্ত্রধারী’ ওই পল্লীর দখল নিতে হামলা চালায়। এ সময় ব্যাপক বোমাবাজি হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেনের লোকজন আশরাফ মীর ও তার সমর্থক ইসহাক ও আবু বকরকে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।”
পরে পুলিশ তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ ও ইসহাকের মৃত্যু হয় বলে এএসপি মনির হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আশরাফ মীর ও করিম পাড়ের গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এর জেরেই দখল পাল্টা দখল নিয়ে সংঘর্ষ হয়।”
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে কথা বলতে আবুল হোসেনকে টেলিফোন করা হলেও তিনি তা ধরেননি।
