শ্রীপুরে দেয়াল চাপায় শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় দেয়াল ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার মাওনা পাথারপাড় এলাকার ‘ক্রাউন উল ওয়্যার লিমিটেডে’ এ ঘটনায় নিহত নাসির আহম্মেদ (২৫) উপজেলার পূর্ব আক্তাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে।
তিনি কারখানাটির ডায়িং সেকশনের কেমিক্যাল ডিস্ট্রিবিউটর ছিলেন বলে কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সকাল ৭টার দিকে নাসির ওই কারখানার ডায়িং সেকশনে লবণ আনতে গেলে হঠাৎ পাশের পার্টিশন ওয়ালটি তার উপর ধসে পড়ে।
“এতে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এসআই হাবিবুর বলেন, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার জানালা-দরজার কাচ ও প্রধান ফটকে ভাংচুর করে।
পরে থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।
কারখানার জিএম মো. খোরশেদ আলম জানান, পরিস্থিতি সামাল দিতে কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
